ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ
- Update Time : ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ৯৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে রোগী ও স্বজনের সঙ্গে অশোভন আচরণ ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. আনোয়ার হোসেন, যিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, তিনি তার অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। এ সময় শিশু বিশেষজ্ঞ ডা. মো. আকতার হোসেন-এর কাছে গেলে এক পর্যায়ে কথাকাটাকাটি শুরু হয়।

ভুক্তভোগী আনোয়ার হোসেনের অভিযোগ, চিকিৎসক হঠাৎ উত্তেজিত হয়ে তার হাত থেকে প্রেসক্রিপশন ছিনিয়ে নেন এবং তাদেরকে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে নিয়ে গিয়ে ধমক দেন ও লাঞ্ছিত করেন। তিনি দাবি করেন, একজন রোগী ও তার অভিভাবকের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।
পরবর্তীতে বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানানো হলে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী আনোয়ার হোসেন সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে যদি রোগীরা হয়রানির শিকার হন, তবে সাধারণ মানুষের আস্থা আরও কমে যাবে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।












