ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে
- Update Time : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৪৪ Time View

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুতিরা জানায়, চলমান সংঘাতের প্রেক্ষাপটে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। তেহরান-সমর্থিত এই গোষ্ঠীটি আরও উল্লেখ করে যে, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলের ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তু’কে টার্গেট করেছে।
হুতিরা সতর্ক করে দিয়ে বলেছে, যদি লেবানন, ইরান, ইরাক, দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকে, তবে তারা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে বাধ্য হবে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। হামলার প্রায় তিন ঘণ্টা পর হুতিদের এই বিবৃতি প্রকাশিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান












