নকলবিরোধী অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদক ও কিশোর গ্যাং দমনের ঘোষণা শিক্ষামন্ত্রীর
- Update Time : ০৩:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৯ Time View

নকলমুক্ত শিক্ষা আন্দোলনের অভিজ্ঞতাকে ভিত্তি করে এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, যেভাবে চাঁদপুরের কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়েছিল, একইভাবে মাদক ও সন্ত্রাসবিরোধী উদ্যোগও কচুয়া থেকেই শুরু হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কচুয়াকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত এলাকায় রূপান্তর করা হবে। পাশাপাশি দুর্নীতিবিরোধী কর্মসূচিও এখান থেকেই শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে এসব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তাঁর ভাষায়, আগামী দিনের বাংলাদেশ এই নেতৃত্বেই নতুনভাবে গড়ে উঠবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সচেতনতা গড়ে তোলা এবং পরিবারভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।













