হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা
- Update Time : ১০:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫০ Time View

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা করেছে প্রশাসন। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অবস্থিত ওই কার্যালয়টি রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলগালা করা হয়।
হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একটি ইউনিয়নে একজন প্রার্থী সর্বোচ্চ একটি নির্বাচনী অফিস স্থাপন করতে পারেন। তবে অভিযোগ রয়েছে, শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজারে একটি এবং একই ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আরেকটি—এভাবে দুটি নির্বাচনী কার্যালয় খোলা হয়েছিল। রোববারের অভিযানে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন করে চালু হওয়া কার্যালয়টি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, “রোববার আমরা প্রচারণা শেষে ফিরে এসে দেখি আমাদের অফিসটি সিলগালা করা হয়েছে। পরে জানতে পারি নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার অভিযান চালিয়ে এটি সিলগালা করেছেন। বড়কোটা বাজারে যে অফিসের কথা বলা হচ্ছে, সেটি আমাদের অফিস নয়—সেখানে শুধু প্রার্থীর ব্যানার লাগানো হয়েছে। সিলগালা করা কার্যালয়টিই আমাদের মূল অফিস। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।”
















