হাদির পরিবারকে ২ কোটি টাকা অনুদান: অর্থ উপদেষ্টা
- Update Time : ০৮:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৩৭ Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য মোট দুই কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা বিশেষ অনুদান এবং পরিবারের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় নির্বাহে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও এক কোটি টাকা দেওয়া হবে।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য দুটি পৃথক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এক কোটি টাকা অনুদান দেওয়া হবে। দ্বিতীয়ত, পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নগদ আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ নামের আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য এই এক কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। সরকারি অনুদানের অর্থে কেনা এই ফ্ল্যাটে শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।
এর আগে মঙ্গলবার অর্থ বিভাগের উপস্থাপিত সংশ্লিষ্ট নথিপত্র অনুমোদন করেন অর্থ উপদেষ্টা। অর্থ বিভাগের সূত্র জানায়, শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।













