হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে মোদির প্রতি আহ্বান জানালেন ওয়াইসি
- Update Time : ১০:২৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৮৮ Time View

ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও অল ইন্ডিয়া মসলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছেন, তাকেও বাংলাদেশে ফেরত পাঠান।’
হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে চলতি বছর আইপিএলে খেলতে না পারার ঘটনায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে না রাখার প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন ওয়াইসি। রোববার (৪ জানুয়ারি) এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ওয়াইসি বলেন, ‘ওরা মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বলছে—দেখো, আমরা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি। তাহলে আরেকজনকেও ফেরত পাঠান, যে দিল্লিতে মোদির বোন সেজে বসে আছে। আপনারা কি চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক? তাহলে স্লোগান তুলুন—নারায়ে তাকবির, আল্লাহু আকবার।’
তিনি আরও বলেন, ‘মোদিজি শুনুন, আওয়াজ আসছে—তাকে ধরুন, বের করে বাংলাদেশে ফেরত পাঠান।’
জালগাঁওয়ে এক মুসলিম যুবক হত্যার প্রসঙ্গ তুলে ধরে ওয়াইসি বলেন, ‘জালগাঁওয়ের যে সন্তানকে হত্যা করা হয়েছে, তাকে নিয়ে কেন আপনারা ক্ষুব্ধ হন না, মোদিজি? ফাদনাভিসজি?’
তিনি বলেন, ‘২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর পুনেতে মোহসিন শেখ হত্যাকাণ্ডের বিচারই ছিল প্রথম বড় দাবি। এরপর জালগাঁওয়ে সুলেমান পাঠানকে তার নিজের বন্ধুরাই পিটিয়ে হত্যা করে শহীদ করে দেয়।’
বাংলাদেশ ও ভারতের ঘটনাবলির তুলনা টেনে ওয়াইসি বলেন, ‘বাংলাদেশে যদি কোনো হিন্দু মারা যায়, আমরা তার তীব্র নিন্দা করি। যারা মানুষ হত্যা করে, তারা জালিম—সে বাংলাদেশেই হোক বা ভারতেই হোক। জলগাঁওয়ে যারা সুলেমান পাঠানকে হত্যা করেছে, তারাও জালিম। একজন হিন্দুর জীবনের যেমন মূল্য আছে, একজন মুসলমানের জীবনেরও তেমনই মূল্য রয়েছে।’
বিজেপির সমালোচনা করে তিনি বলেন, ‘আজ বিজেপির নেতারা টিভিতে গলা ফাটাচ্ছেন—আমরা একজন বাংলাদেশি খেলোয়াড়কে ফেরত পাঠিয়ে দিয়েছি। আরে, একজন ক্রিকেটারের চুক্তি বাতিল হওয়াকেই তারা ইতিহাসের বিশাল সাফল্য বলে চালাচ্ছে।’
ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ টেনে ওয়াইসি বলেন, ‘ভারতের সাধারণ মানুষকে আমি প্রশ্ন করি—মোদি সরকার কি এই বছর বাংলাদেশকে ১২০ কোটি টাকা অনুদান দেয়নি? ভারত থেকে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ কি বাংলাদেশে যাচ্ছে না? গত ১০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের লেটার অব ক্রেডিট (এলওসি) দেওয়া হয়নি?’
তিনি বলেন, ‘আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই। কিন্তু মজলুমের পক্ষে ইনসাফ চাওয়া যদি অপরাধ হয়, মোহসিন শেখের খুনিদের শাস্তি দাবি করা যদি অপরাধ হয়, সুলেমান পাঠানের হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি যদি অপরাধ হয়—তবে খোদার কসম, আমি আজীবন এই অপরাধ করে যাব।’
সবশেষে ওয়াইসি বলেন, ‘আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি—বাংলাদেশে আমাদের হিন্দু ভাই-বোনদের মন্দির রক্ষা করা উচিত। একদিকে আপনারা বাংলাদেশকে সহায়তা দেন, আর অন্যদিকে মহারাষ্ট্রের নির্বাচনের জন্য মানুষকে বলেন—দেখো, আমরা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিয়েছি।’
















