নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
- Update Time : ১০:১৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৭৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মূলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার ব্যয় নির্বাহে তিনি সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিওবার্তার ক্যাপশনে ব্যারিস্টার ফুয়াদ লেখেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ–মূলাদী) আসন থেকে নির্বাচন করছি। পাঁচটি বড় নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক এই অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আপনাদের দোয়া ও আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন।’
তিনি আরও লেখেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই চলমান রাখা শত শত শহীদের রেখে যাওয়া আমানত। আসুন, সবাই মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ে তুলি, ইনসাফ ও আজাদির সংগ্রাম এগিয়ে নেই।’
পোস্টের শেষাংশে ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সহযোগিতা করতে চান, তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাব নম্বরে অনুদান পাঠান।
এর আগে এবি পার্টির প্রার্থী ড. তাসনিম জারাসহ আরও কয়েকজন প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আর্থিক সহায়তা চেয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন।









