ঢাকা–১১ আসনে নাহিদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী
- Update Time : ০৮:০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৫৫ Time View

আসন সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে ঢাকা–১১ (রামপুরা–বাড্ডা–ভাটারা–হাতিরঝিল আংশিক) সংসদীয় আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে আতিকুর রহমান লিখেছেন, ঢাকা–১১ সংসদীয় আসনে জনাব নাহিদ ইসলামের জন্য আন্তরিক শুভকামনা। দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা–১১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়েছি। ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়বদ্ধতার ঊর্ধ্বে উঠে ময়দানে থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা–১১ সংসদীয় আসনের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। অল্প সময়ে তাকে আপনজন হিসেবে গ্রহণ করা এবং অকৃত্রিম ভালোবাসায় আবদ্ধ করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি মহান আল্লাহর কাছে সবার কল্যাণ কামনা করেন।
সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে আতিকুর রহমান বলেন, এই দীর্ঘ পথচলায় যারা তার সঙ্গে ছিলেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। অনেকেই সীমাহীন কষ্ট ও ত্যাগ স্বীকার করে রাত জেগে পোস্টার লাগিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে হেঁটেছেন। তাদের সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিন বলে দোয়া করেন তিনি।
নারী সহযাত্রীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনমত গঠনে তারা অসামান্য ত্যাগ ও পরিশ্রম করেছেন। আল্লাহ তাদের সবাইকে উত্তম জাযা দান করুন।
এর আগে রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও জাতীয় নাগরিক পার্টির অংশগ্রহণে মোট দশ দলীয় জোট গঠনের ঘোষণা দেন।
একই দিন পৃথক এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা ঠেকাতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য অপরিহার্য হয়ে উঠেছে।
নাহিদ ইসলাম আরও জানান, এনসিপি শুরুতে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেন তিনি।
















