চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা
- Update Time : ০৭:৪৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮৮ Time View

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
অপসারণপ্রাপ্ত ছয় সহকারী পুলিশ সুপার হলেন— মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার এবং সাঈদ করিম মুগ্ধ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে বর্তমানে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।










