দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন তারেক রহমান
- Update Time : ১০:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৬৩ Time View

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে তিনি ‘ট্রাভেল পাস’ ইস্যুর জন্য আবেদন করেছেন। এ উদ্দেশ্যে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ইতোমধ্যে তার আবেদন জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ট্রাভেল পাসের আবেদন বাংলাদেশ হাইকমিশনে দাখিল করা হয়েছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যায়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাসপোর্ট নবায়নের সুযোগ তৈরি হলেও সে সময় তিনি নবায়নের জন্য আবেদন করেননি। ফলে বর্তমানে বৈধ ভ্রমণ নথি না থাকায় একজন বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে তাকে ট্রাভেল পাসের মাধ্যমেই বাংলাদেশে প্রবেশ করতে হবে।
এর আগে গত মাসে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বাধা নেই। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হলে কাউকে দেশে ফিরতে এককালীন ট্রাভেল পাস দেওয়া হয়। এতে সাধারণত এক দিনের বেশি সময় লাগে না।’ তিনি আরও বলেন, ‘আজ আবেদন করলে আগামীকাল ট্রাভেল পাস দেওয়া সম্ভব এবং পরদিনই তিনি দেশে ফেরার ফ্লাইট ধরতে পারবেন—এতে কোনো সমস্যা নেই।’
উল্লেখ্য, ২০০৭ সালের ১/১১ রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন। প্রায় ১৭ বছরেরও বেশি সময় পর এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তারেক রহমান দেশে ফিরবেন। ওই দিন সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, ‘আমরা চাই, তার এই প্রত্যাবর্তন যেন অতীত ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে যেসব দৃষ্টান্ত রয়েছে, সেগুলোকেও ছাড়িয়ে যায় এবং ভবিষ্যতের ইতিহাসেও এটি একটি অনন্য ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকে।’
এদিকে তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তিনি গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, দেশে ফিরেই তারেক রহমান সরাসরি মাকে দেখতে হাসপাতালে যেতে পারেন। সে কারণেই বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের আশপাশে সংবর্ধনার জন্য উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
















