মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৯৯ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের সহযোগীদের দেশব্যাপী ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং নাশকতার বিরুদ্ধে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর জেলা শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ইসমাইল আলী এবং ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমাদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে হলে ফ্যাসিবাদী রাজনীতির উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে জনগণ আজ ঐক্যবদ্ধ। দেশে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ বা গাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে ন্যায়বিচারের অগ্রযাত্রা থামানো যাবে না।
বক্তারা আরও বলেন, জনগণের শক্তি যেকোনো দমন-পীড়নকে পরাজিত করতে সক্ষম। বাংলাদেশের মানুষ আর কখনো ফ্যাসিবাদী রাজনীতিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।









