নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব
- Update Time : ০৫:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২২৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে সফরে যাচ্ছেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠক নির্ধারিত রয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান শেষে নিজ দেশে ফিরবেন ফরাসি প্রেসিডেন্ট। ফলে একই সময়ে বাংলাদেশ সফরে যাওয়ার সুযোগ কম ভারতের প্রধানমন্ত্রীর।
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই নরেন্দ্র মোদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে টেলিফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তার সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
















