ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের
- Update Time : ০২:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৮ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ইসির উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, এ দেশের মানুষ একটি স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণ নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় এবং প্রার্থী ও প্রতীক নিয়ে গণতান্ত্রিক পরিবেশে আনন্দ প্রকাশ করতে চায়।
নির্বাচনের দিনকে গণতন্ত্রের উৎসবে পরিণত করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সেদিন ভোটাররা গর্বভরে ভোটার লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের স্বাধীন সিদ্ধান্ত উপভোগ করবে—এটাই স্বাভাবিক। এর ব্যত্যয় ঘটানোর কোনো অবকাশ নেই। কেউ যদি এই অধিকার হরণ করতে চায় বা এতে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত—এই জাতি প্রস্তুত রয়েছে।
তিনি ইঙ্গিত দেন, ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের মতো সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিক আবহকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।











