‘আওয়ার দাদু ইজ কামিং’: সিলেটে গেম অব থ্রোনসের আদলে জামায়াত আমিরকে ঘিরে ব্যানার
- Update Time : ১১:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৬ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যতিক্রমধর্মী ও নজরকাড়া ব্যানার–ফেস্টুন টানানো হয়েছে। অভিনব স্লোগান ও ভিন্নধর্মী উপস্থাপনার এসব ব্যানার নগরবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দলীয় সফরে সিলেট আসছেন জামায়াত আমির। তার আগের দিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানারগুলোতে দেখা যায়—‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশা-আল্লাহ’ এবং ‘উইনটার ইজ কামিং’—এই ধরনের স্লোগান।
হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অব থ্রোনস-এর আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে ডা. শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। ছবির সঙ্গে তলোয়ারের পাশে দাঁড়িপাল্লার প্রতীক ও নেকড়ের চিত্রও যুক্ত করা হয়েছে, যা সিরিজটির প্রতীকী উপাদানের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নগরীর নাইওরপুল পয়েন্ট, চৌহাট্টা, সরকারি আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব ব্যানার–ফেস্টুন ঝুলতে দেখা যায়। ব্যতিক্রমী নকশা ও স্লোগানের কারণে পথচারী ও নগরবাসীর মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, ব্যানারগুলোর বিষয়ে দল অবগত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জেন–জি প্রজন্মের কিছু তরুণ নিজ উদ্যোগে এসব ব্যানার তৈরি ও স্থাপন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
















