জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের জামিন মঞ্জুর
- Update Time : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশলাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে পুলিশ। পরদিন এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত সব ধরনের ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়, যা পূর্বে করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সঙ্গে মার্জ করা হয়েছে।
হ্যাকিং ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে ডিবি কর্মকর্তা বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন অপতথ্য প্রচার না করে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি মুছে ফেলা হয়। এ ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং আমিরের নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে।
















