প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ
- Update Time : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৪ Time View

প্রশাসনের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রশাসন যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে এবং আবারও ৫ আগস্ট নেমে আসবে। তিনি বলেন, ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেওয়া হয়, তবে তারাই একদিন জনগণের সন্তানদের গুলি করে হত্যার ভাষা ব্যবহার করবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি উপজেলা জামায়াতে ইসলামের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দায়বদ্ধতা কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা মাদকসম্রাটের কাছে নয়—আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কারও কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করিনি, তাই তাদের স্বার্থ রক্ষা করতেও বাধ্য নই। আমাদের যেকোনো সিদ্ধান্তের জন্য জনগণের আদালতেই জবাব দিতে হবে।” তিনি অভিযোগ করে বলেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে—এমন বাস্তবতায় জনগণই ৫ আগস্টের মাধ্যমে এর জবাব দিয়েছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “পাঁচশ কিংবা এক হাজার টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন, না কি পাঁচ বছর দেশের প্রকৃত মালিক হবেন—সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।” তিনি ভোটারদের সচেতন হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সাংবাদিকদের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “কিছু নির্লজ্জ মিডিয়া গত ১৭ বছর ধরে একটি নির্দিষ্ট দলের বন্দনা করে এসেছে। তারা একদিকে একটি দলের প্রশংসা করেছে, অন্যদিকে তারেক রহমানকে ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চালিয়েছে। এখন মাঝেমধ্যে বিএনপির খবর প্রকাশ করলেও প্রকৃত নিরপেক্ষতা সেখানে নেই। আপনারা যদি নিরপেক্ষ না হন, তাহলে জনগণ আপনাদেরও লাল কার্ড দেখাবে।”
নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনারা প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাইবেন। আগামী ১২ তারিখ সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন। এই নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন।”
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মো. মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন। নেতারা তাঁদের বক্তব্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
















