ভোটের দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেবীদ্বার থেকে চাঁদাবাজি ও মাদক বিদায় নেবে: হাসনাত আবদুল্লাহ
- Update Time : ১১:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৫ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের দিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দেবীদ্বার থেকে চাঁদাবাজি, মাদক ও অনলাইন জুয়ার সংস্কৃতি বিদায় নেবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি দেবীদ্বারে চাঁদাবাজি ও ঋণখেলাপিমুক্ত একটি নতুন সূর্যের উদয় হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাওয়ানো, টাকা বিতরণ এবং ভোটকেন্দ্রে নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে সিএনজি অটোরিকশা পাঠানোর মতো নানা অনিয়ম ঘটেছে। তিনি বলেন, ভোটের আগে কোনো প্রার্থীর কাছ থেকে ঘুষ নিলে পরবর্তী পাঁচ বছর দুর্নীতির বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার থাকে না।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজ শেষে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে, যাতে কেউ ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ছাত্র শক্তি ও ছাত্রশিবিরের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, তরুণদের সক্রিয় ও সচেতন উপস্থিতির মাধ্যমেই ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এর আগে একই দিন সকালে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তার নিজ ইউনিয়নে নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি জানান, সোমবার রাতে রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে তার নির্বাচনী ব্যানারে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়।
উঠান বৈঠক ও নির্বাচনী সভায় দেবীদ্বার উপজেলা জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতারা বক্তব্য দেন।
















