কিশোরগঞ্জের কটিয়াদিতে জামায়াত আমির: ‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো—এই দিন শেষ’
- Update Time : ০৩:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩১ Time View

ছলে-বলে-কৌশলে জেতার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো—এই দিন শেষ।”
জামায়াত আমির বলেন, ব্বিশের তরুণরা ঘুমিয়ে পড়েনি—তারা জেগে আছে। তারা যেমন নিজের ভোট পাহারা দেবে, তেমনি অন্যের ভোটেরও পাহারাদার হবে। কোনো দুর্বৃত্ত আর কারও ভোটে হাত দিতে পারবে না—এমন পরিবেশ গড়ে তোলাই তরুণদের অঙ্গীকার।
তিনি বলেন, যারা দীর্ঘদিন জনগণের কিসমত হাইজ্যাক করেছে, তাদের আর সুযোগ দেওয়া যাবে না। চব্বিশের তরুণ সমাজ পরিবর্তন চেয়েছে এবং ১৩ ফেব্রুয়ারি থেকে সেই পরিবর্তনের সূচনা হবে বলেও মন্তব্য করেন তিনি। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দেশকে “ফুলের বাগানের মতো” করে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।
ভোট প্রার্থনা করে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, মামলাবাজি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের পবিত্র আমানত ভোট জামায়াতের হাতে তুলে দিতে হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী করা হবে; যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কাজের সুযোগ সৃষ্টি করা হবে। বেকার ভাতা নয়, মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জাতি তাদের পাশে থাকবে। কারও ডান-বাম কথায় কান না দিয়ে সঠিক পথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত কারও কাছে আনুকূল্য চায় না; তবে কোনো অন্যায় ক্ষতি করতে এলে তা মেনে নেওয়া হবে না।
















