শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন, বিচারের বাণী যেন নীরবে না কাঁদে
- Update Time : ০৩:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৯ Time View

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। জামিনের মেয়াদ নির্ধারিত হয়েছে ছয় সপ্তাহের জন্য।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে, রোববার ৪০ আসামি হাইকোর্টে জামিনের আবেদন করেন। পুলিশ জানায়, এ ঘটনায় ২৩৪ জনকে নামীয় এবং আরও ৪০০–৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
মৃত্যুর পর ৩০ জানুয়ারি দিবাগত রাতে নিহতের স্ত্রী মোসা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০–৫০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিচারিক আদালতের এই জামিন বিষয়ে সমাজে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বিচার যেন নীরবে না কাঁদে এবং মামলার সমস্ত আসামিরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার পান।











