দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান
- Update Time : ১০:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৭ Time View

দায়িত্ব পেলে বিএনপির প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন—এ মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠনের কাজ করতে হবে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি শুধু কথার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশকে সামনে এগিয়ে নিতে হলে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। গত ১৫–১৬ বছরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ নেতাকর্মী গায়েবি মামলায় হয়রানির শিকার হলেও ২০২৪ সালের জুলাই–আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।
প্রায় ২৬ মিনিটের বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকারসহ মৌলিক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচন তো দূরের কথা, স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেউ প্রতিবাদ করলে রাতের আঁধারে খুন, গুম ও তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, আগামী ১২ তারিখ জনগণ তাদের সেই বঞ্চিত অধিকার প্রয়োগ করবে।
অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতেও আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম। একইভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহতালার রহমতে সরকার গঠন করতে পারলে আমাদের প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন। তবে এই পুনর্গঠন কোনো একটি দলের একক কাজ নয়; দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে হবে। তিনি বলেন, যাদের কাছে মানুষের মূল্যবোধ ও আত্মসম্মান নেই, তাদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না।
নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি। এর মধ্যে অন্তত ১০ কোটি নারী—অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেক। এই বিশাল জনগোষ্ঠীকে পিছনে রেখে যত বড় পরিকল্পনাই করা হোক না কেন, দেশকে সামনে এগিয়ে নেওয়া কিংবা পুনর্গঠন সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে স্কুল থেকে কলেজ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে নারী সমাজ শিক্ষার আলোয় আলোকিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে।
জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা।
এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। উল্লেখ্য, এটি খুলনায় তারেক রহমানের চতুর্থ সফর। সর্বশেষ তিনি ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন।
















