কক্সবাজারে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ জনসভাস্থল
- Update Time : ১২:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৮ Time View

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার বক্তব্য শোনার অপেক্ষায় সকাল থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেন, ‘জনসভার জন্য কক্সবাজারের সর্ববৃহৎ ভেন্যু নির্বাচন করা হয়েছে। এখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি আর সাধারণ জনসভা নয়, বরং লাখো মানুষের অংশগ্রহণে এক বিশাল জনসমুদ্রে রূপ নিয়েছে। সে অনুযায়ী আগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল।’
জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা নির্বাচনী ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিয়ে বক্তব্য রাখছেন।
জনসভায় মঞ্চে উপস্থিত রয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শহিদুল আলম বাহাদুরসহ স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।
সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমানের কক্সবাজার সফর ঘিরে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ও সুসংগঠিত প্রস্তুতি। সফরের শুরুতে তিনি মহেশখালীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন। পরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় অংশ নেবেন।
মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে জামায়াত আমির চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি চট্টগ্রাম শহরের উদ্দেশে যাত্রা করবেন।
















