ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির
- Update Time : ০৮:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪৭ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে এক ধরনের ইতর শ্রেণির লোক কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা নারীদের সম্মান করে না, তারাই আবার ভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় রয়েছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নারীদের ঘর, চলাচল ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। একই সঙ্গে তিনি সরকারি চাকরিজীবীদের মর্যাদা রক্ষা এবং বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।
জামায়াত আমির আরও বলেন, নারীদের প্রতি অসম্মানজনক কোনো আচরণই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মায়ের প্রতি সহিংসতা ও অবমাননার বিরুদ্ধে জামায়াতে ইসলামী সব সময় কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। তবে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে।
এ সময় তিনি শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার বিচার দাবি করেন। ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। তিনি দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
















