মা-বোনদের কাপড় খুলে ফেলার হুমকিদাতারা মানব প্রজাতির নয়: জামায়াত আমির
- Update Time : ০৫:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১২৪ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা প্রকাশ্যে মা-বোনদের কাপড় খুলে ফেলার মতো হুমকি দেয়, তারা মানব প্রজাতিরই অন্তর্ভুক্ত নয়। তাঁর ভাষায়, নির্বাচনের আগেই যারা এমন বক্তব্য দিতে পারে, তারা নির্বাচনের পর কী করতে পারে—তা সহজেই অনুমান করা যায়। তিনি বলেন, “মর্নিং শোজ দ্য ডে”—সকালের সূর্য যেমন দিনের আভাস দেয়, তেমনি নারীর প্রতি এমন দৃষ্টিভঙ্গি তাদের মানসিকতা ও ভবিষ্যৎ আচরণের ইঙ্গিত বহন করে।
শনিবার বেলা ২টার দিকে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোট সমর্থিত কুমিল্লা-১ আসনের প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান আরও বলেন, তাদের অঙ্গীকার বাংলাদেশকে প্রকৃত অর্থে একটি স্বাধীন ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যেখানে বহু বন্ধু রাষ্ট্র থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না। দেশের আকাশের নিচে ও জমিনের ওপর সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি অভিযোগ করেন, সংবিধানের দোহাই দিয়ে দীর্ঘদিন সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে। তিনি বলেন, “বস্তাপচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দেওয়া হবে না, এই পচা রাজনীতিকে লাল কার্ড দেখানোর সময় এসেছে।”
তিনি দুর্নীতি, লুটপাট, ব্যাংক কেলেঙ্কারি ও বিদেশে অর্থ পাচারের সমালোচনা করে বলেন, দেশের সম্পদ লুট করে সাধারণ মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছে। ৫ আগস্টের পরও অনেকের চরিত্রের পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দশকে দেশ সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির নানা চিত্র দেখেছে। কারও কারও মধ্যে আত্মসমালোচনা এলেও অনেকেই এখনো পুরনো মানসিকতা থেকে বের হতে পারেনি।
নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে শফিকুর রহমান বলেন, অবাস্তব ও অলীক অঙ্গীকার করা হবে না। যে প্রতিশ্রুতি বাস্তবায়নের সামর্থ্য সরকারের থাকবে না, তা জনগণকে দেখানো হবে না বলেও জানান তিনি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং প্রবীণ নাগরিকদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত বলে মত দেন তিনি। বিশেষ করে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “সুস্থ জাতি গড়ে তুলতে না পারলে উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়।”
















