ধানের শীষে যেমন সিল দেবেন, গণভোটেও ‘হ্যাঁ’তে রায় দিন: তারেক রহমান
- Update Time : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৩৭ Time View

জুলাই গণঅভ্যুত্থানে জাতির অধিকার আদায়ে যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
তারেক রহমান ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উত্তরাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে বিএনপির পরিকল্পনা ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
‘হ্যাঁ’ ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকারের জন্য আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব। একই সঙ্গে জুলাই সনদে আমরা যে স্বাক্ষর করেছি, সেটির বাস্তবায়নও আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, “সেজন্যই আমি সবাইকে অনুরোধ করবো—১২ ফেব্রুয়ারি ধানের শীষে যেমন সিল দেবেন, তেমনি দ্বিতীয় ব্যালট পেপারে ‘হ্যাঁ’ ও ‘না’র মধ্যে দয়া করে ‘হ্যাঁ’-এর পক্ষেই রায় দেবেন।”
তারেক রহমান বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্য দেখা গেছে, তা ধরে রাখতে হবে। নিশিরাত কিংবা ডামি নির্বাচনের যুগ শেষ হয়েছে। জনগণকে নিজেদের ভোটাধিকার প্রয়োগে সচেতন ও সজাগ থাকতে হবে।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকেই দরিদ্র অঞ্চল হিসেবে চিহ্নিত করলেও বাস্তবে এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। বিএনপি ক্ষমতায় এলে রংপুরকে ঢেলে সাজানো হবে। কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
কৃষক ও নারীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে এবং অন্তত এক ফসলের জন্য বিনামূল্যে বীজ ও কীটনাশক দেওয়া হবে। এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করা হবে।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি, এখন আপনাদের পরিকল্পনা কী?”
জবাবে জনতা ‘ধানের শীষ’ স্লোগানে সমাবেশ মুখর করে তুললে তারেক রহমান সবাইকে ফজরের নামাজ আদায় শেষে ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
















