খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই পালিয়েছেন শামীম ওসমান: মান্নান
- Update Time : ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ১৪১ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে কটাক্ষ করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘খেলা হবে’ ঘোষণা দিয়েও শামীম ওসমান মাঠে না নেমেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের মুখোমুখি হন। সাধারণ মানুষই আপনাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার কোনো স্থান থাকবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, সিদ্ধিরগঞ্জবাসীর চিকিৎসা ও শিক্ষার উন্নয়নে একটি আধুনিক হাসপাতাল, একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যাতে এ এলাকার শিক্ষার্থীদের আর ঢাকায় গিয়ে পড়াশোনা করতে না হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ অপু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন, সাবেক সংগঠনিক সম্পাদক মাছুম প্রধানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
















