সরকার–প্রশাসন নির্দিষ্ট দলকে সুবিধা দিতে উঠেপড়ে লেগেছে, শেরপুরের ঘটনা তারই ফল: হাসনাত আবদুল্লাহ
- Update Time : ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১২৬ Time View

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা–৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, সরকার ও প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে প্রকাশ্যভাবে পক্ষপাতমূলক ভূমিকা রাখছে, আর শেরপুরের ঘটনা তারই পরিণতি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন,
“সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।”
তিনি আরও বলেন,
“জুলাই–আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর, একটি ভয়ংকর স্বৈরতন্ত্রের পতনের পর আবার রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে—এটা আমরা কল্পনাও করতে পারিনি।”
হত্যার দায় প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন,
“এই ঘটনার দায় শুধু বিএনপির নয়, সরকারকেও নিতে হবে। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার ও প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সর্বক্ষেত্রে সুবিধা দিতে মরিয়া হয়ে উঠেছে, শেরপুরের ঘটনা তারই সরাসরি ফল।”
তিনি দাবি করেন, গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা বারবার সতর্ক করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা শোনেনি। কথা শুনলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হতো না।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন,
“তারেক রহমান দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলছেন, বলছেন ‘আই হ্যাভ আ প্ল্যান’। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে বিরত রাখার কোনো প্ল্যান কী আছে, সেটা আমরা জানি না। বিএনপির নেতাকর্মীদের হাত থেকে মানুষ যদি নিরাপদই না থাকে, তাহলে ওই ফ্যামিলি কার্ড দিয়ে জনগণ কী করবে?”
তার এই বক্তব্যের পর শেরপুরের ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
















