নারায়ণগঞ্জে নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীর
- Update Time : ১০:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৬২ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত–এনসিপি সমর্থিত জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে তার নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, এলাকায় সন্ত্রাসী তৎপরতা চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়নের দাপা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব অভিযোগ করেন তিনি। এ সময় তিনি রবিবার দিবাগত রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার কথাও তুলে ধরেন।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “গতকাল রাতে পঞ্চবটিতে আমাদের ব্যানার লাগাতে গেলে নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। ৫ আগস্টের পরও যারা ‘জয় বাংলা’ বলেছে, তারাই এখন প্রার্থী হয়ে তাদের লোকজন দিয়ে অস্ত্র ঠেকাচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, গত ১৫–১৬ বছর ধরে যারা ওই এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল এবং ৫ আগস্টের পর গার্মেন্টস পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট ছিল, তারাই এখন তার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন বলেন, “আমরা অভিযোগের বিষয়টি গণমাধ্যমে শুনেছি। তবে এখনো তারা কোনো লিখিত অভিযোগ দেননি। সম্ভবত তারা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা সব প্রার্থীকে পরামর্শ দিচ্ছি, কোথাও বাধার সম্মুখীন হলে যেন দ্রুত লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
















