জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসাকে সম্মানের জায়গায় নেওয়া হবে: জামায়াত আমির
- Update Time : ০৫:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৬০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসার নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের ইচ্ছা ও পরামর্শ অনুযায়ী কওমি মাদরাসাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থাকে প্রত্যেক সরকারই অবহেলা করেছে। অথচ তারাও এ দেশের নাগরিক। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, তাহলে কওমি মাদরাসাগুলো তা পাবে না কেন—এই প্রশ্নের জবাব দিতে হবে।
তিনি আরও বলেন, “আমরা আর বস্তাপচা রাজনীতি চাই না। যুবসমাজ ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছে, তারা বস্তাপচা রাজনীতি চায় না। তারা চায় দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদের ছায়া ও আধিপত্যবাদমুক্ত একটি বাংলাদেশ।” যারা জনগণের ভাষা বুঝতে চায় না, আগামী ১২ তারিখ জাতি তাদের সেই ভাষা বুঝিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, যারা চাঁদাবাজিতে জড়িত, তাদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে। জামায়াত চাঁদাবাজদের জন্য হালাল রোজগারের ব্যবস্থা করবে। তবে এই অপকর্ম থেকে বিরত না হলে তাদের ‘লাল কার্ড’ দেখানো হবে। তিনি বলেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট কাজ। জামায়াত নিজে এই কাজ করবে না এবং কাউকেও করতে দেবে না।
সমাবেশে জামায়াত আমির ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট প্রার্থনা করেন।











