হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- Update Time : ১০:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৩১ Time View

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তিনি তার দলীয় সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন—গেছেন ভালো করেছেন। কিন্তু এলাকার সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন কেন?” তিনি আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেবো না।”
এ সময় জামায়াতের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “একটি দল বলছে—তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই চলে যেত।”
তিনি আরও বলেন, “জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হয়। নামাজ, রোজা, সৎকর্ম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। একটি দল মানুষকে বিভ্রান্তিকর স্বপ্ন দেখাচ্ছে।”
দেশ পরিচালনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “অভিজ্ঞতা থেকে বলছি—বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো আর কোনো দল নেই। আমরা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রাখি। কিন্তু জামায়াতের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই।”
তিনি বলেন, “আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই।”
শেষে তিনি বিএনপির আমলে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকায় আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।
















