স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- Update Time : ০২:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৩৯ Time View

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক হাসান খানের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ নতুন যোগদানকারী নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। তিনি পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বাউফল উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হাসান খান বলেন, “আজ থেকে আমি সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে কাজ করে যাবো। মৃত্যুর আগ পর্যন্ত এই আদর্শের সঙ্গে যুক্ত থাকতে চাই। আমার অনুসারীরাও জামায়াতে ইসলীতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও আরও অনেকে যোগ দেবেন।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা ইসহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে বিএনপির সহযোগী সংগঠন থেকে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর জামায়াতে যোগদান আসন্ন নির্বাচনে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।
















