মাঠে হাঁসের কোনো অভাব নেই: লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি বলে অভিযোগ রুমিন ফারহানার
- Update Time : ০৫:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৩৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি দাবি করেন, নির্বাচন পরিচালনায় বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন তিনি নিজেই।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘আমাকেই বারবার জরিমানা দিতে হয়েছে। মানুষের বাড়িতে একটি উঠান বৈঠক করার কারণে এখন পর্যন্ত আমাকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ তিনি বলেন, ছোট পরিসরে ভোটারদের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও প্রশাসনের কঠোরতা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে পেশিশক্তি ও কালো টাকা কাজ করে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে নির্বাচনে জেতার চেষ্টা করে।’ এ প্রসঙ্গে নিজের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বারবার বলি—মাঠে হাঁসের কোনো অভাব নেই। হাঁসগুলো যেন সন্ধ্যায় গুণে গুণে খোয়াড়ে তোলা হয়।’ তার এই বক্তব্যে নির্বাচনী পরিবেশে অনিয়ম ও প্রভাব বিস্তারের আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়।
নির্বাচনের আগে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আর আমার প্রতিপক্ষ হিসেবে বড় দল মাঠে রয়েছে, তাই তারা নির্বাচনের আগে যেকোনো কিছুই করতে পারে। আমার যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটাই অনেকের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই স্বতন্ত্র প্রার্থী। তিনি অভিযোগ করে বলেন, ‘বড় বড় মঞ্চ তৈরি করে বিএনপির সমর্থিত প্রার্থী সভা করেছে, ভোট চেয়েছে, এমনকি নির্বাচনী প্রচারণা শুরুর আগেই প্রচারণা চালিয়েছে। দোয়া মাহফিলের নামে আমাকে নিয়ে কুৎসিত মন্তব্য ও অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে প্রশাসন নীরব থেকেছে, কানা-বোবার মতো আচরণ করেছে।’
তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, নইলে জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।
















