দুনিয়া কত এগিয়ে গেছে, ১৭ বছর লন্ডনে থেকেও তা ধরতে পারেননি: ডা. মাহমুদা মিতু
- Update Time : ১০:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ১১৫ Time View
দেশ ও দুনিয়া অনেক দূর এগিয়ে গেছে, নতুন প্রজন্মের চিন্তা ও বাস্তবতা বদলে গেছে—তবুও ১৭ বছর লন্ডনে থেকেও তা অনুধাবন করতে পারেননি তারেক রহমান। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। ডা. মাহমুদা মিতু অভিযোগ করেন, একের পর এক ‘হাস্যকর’ ও অসংযত বক্তব্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছেন।
পোস্টে তিনি লেখেন, তারেক রহমানের নির্বাচনী আসনে ডা. এস এম খালিদুজ্জামান একজন যোগ্য, ভদ্র ও দায়িত্বশীল মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। কিন্তু তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য শোনার পর মনে হয়েছে, এতদিনে গড়ে ওঠা তার রাজনৈতিক ম্যাচিউরিটি ও অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
ডা. মাহমুদা মিতু আরও বলেন, এসব বক্তব্য তার রাজনৈতিক প্রজ্ঞা, সংযম ও দূরদর্শিতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। তিনি এ প্রসঙ্গে আওয়ামী লীগ আমলের কিছু এমপি-মন্ত্রীদের উদাহরণ টেনে বলেন, ক্ষমতার বলয়ে থেকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া নেতাদের বক্তব্য নিয়ে একসময় মানুষ হাসাহাসি করত, আর শেষ পর্যন্ত তারাই নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেছিলেন।
তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার বক্তৃতায় ছিল ভারিক্কী ও সংযম, কোনো ছেলেমানুষি বা ব্যক্তিগত আক্রমণ ছিল না। এমনকি শেখ হাসিনার কাছ থেকে বহু কষ্ট পেলেও তিনি কখনো কটু মন্তব্য করেননি। বিপরীতে, শেখ হাসিনার বক্তব্যে তিনি ছেলেমানুষি, গালিগালাজ, অহংকার ও মিথ্যাচারের উপস্থিতির কথা উল্লেখ করেন।
ডা. মাহমুদা মিতুর মতে, রাজনীতিতে একটি অসংযত বক্তব্য শুধু তাৎক্ষণিক বিতর্কই সৃষ্টি করে না; বরং দীর্ঘদিনের অর্জিত বিশ্বাস, সম্মান এবং ভবিষ্যতের সম্ভাবনাকেও ধীরে ধীরে ক্ষয় করে দেয়। তিনি মনে করেন, তারেক রহমান সেই পথেই এগোচ্ছেন এবং নিজেকে যোগ্য নেতৃত্ব হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন।
ঢাকা-১৭ আসনের প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র দলের প্রধান হওয়ার কারণে ‘হাইপ’ দেখে নয়, বরং যোগ্যতা বিবেচনা করে ভোট দেওয়া উচিত। সে ক্ষেত্রে বর্তমান বাস্তবতায় ঢাকা-১৭ আসনে ডা. এস এম খালিদুজ্জামানের চেয়ে বেশি যোগ্য প্রার্থী আপাতত কেউ নেই বলেও মন্তব্য করেন তিনি।

















