ইভ্যালির রাসেল–শামীমাকে ফের গ্রেপ্তার করল ডিবি
- Update Time : ০২:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৬৯ Time View

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য রয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় তাদের বিরুদ্ধে প্রায় তিন শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, এর আগেও প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।



