বরিশাল-৫: ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে প্রার্থী দেবে না জামায়াত
- Update Time : ১০:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৪৯ Time View

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে তাকে সমর্থন জানিয়ে কোনো দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।
রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনী জোটের অংশ নয়, তবুও তাদের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, তার প্রতি সম্মান জানিয়ে আমরা ওই আসনে কোনো দলীয় প্রার্থী দেব না।”
তিনি আরও জানান, বরিশাল-৫ আসনে জামায়াতের পক্ষ থেকে যিনি ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি তা প্রত্যাহার করে নেবেন।
উল্লেখ্য, বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।









