জোটে নয়, এককভাবেই নির্বাচনে যাবে ইসলামী আন্দোলন
- Update Time : ০৪:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ১৩০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন প্রস্তাবিত ১১ দলীয় নির্বাচনী জোটে যোগ দিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে—এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটির নেতৃত্ব।
শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থীরা ২৬৮টি আসনে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। নির্বাচনী প্রতিযোগিতায় তারা সবাই অংশ নেবেন এবং কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না।”
গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতেই দেশের সব মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলামী আন্দোলনের রাজনীতিকে দলটির নেতাকর্মীরা পবিত্র ইবাদত হিসেবে বিবেচনা করেন। সে কারণেই কোনো ধরনের হতাশা বা দোদুল্যমানতা নেই বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে সম্ভাব্য ১১ দলীয় নির্বাচনী জোট আসন বণ্টনের ঘোষণা দেয়। তবে ওই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এতে শুরু থেকেই স্পষ্ট হয়ে ওঠে যে, দলটি জোট রাজনীতির বাইরে থেকে নিজস্ব রাজনৈতিক অবস্থান বজায় রেখে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তে অটল।
















