ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান
- Update Time : ১২:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১৬১ Time View

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ সংসদীয় আসনে আসন্ন নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান। পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী ডা. খালিদুজ্জমান তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন, ব্যবসা খাত থেকে তার বার্ষিক আয় ৩ কোটি ৫২ লাখ টাকা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ডা. খালিদুজ্জমানের বার্ষিক আয় ১১ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকা। তার হাতে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ১২০ টাকা এবং তার স্ত্রীর হাতে রয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা। ব্যাংকে তার নিজের নামে জমা আছে ৩৩ লাখ ৭৯ হাজার ৩৬৩ টাকা, আর স্ত্রীর ব্যাংক হিসাবে রয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৭০২ টাকা।
পাঁচ সন্তানের জনক ডা. খালিদুজ্জমানের সম্পদের বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, তার নিজের নামে রয়েছে ২ কোটি ২৫ লাখ ৫৯৫ টাকার বন্ড, ঋণপত্র ও কোম্পানির শেয়ার। তার স্ত্রীর নামে এসব খাতে রয়েছে আরও ৯০ লাখ টাকা। পাশাপাশি তার নিজের নামে সঞ্চয়পত্রে জমা আছে ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৬১৭ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে একই আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের নির্বাচনী হলফনামায় দেখা যায়, তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। ২০২৪–২৫ অর্থবছরে তার বার্ষিক আয় ছিল ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যা এসেছে মূলত শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে।
হলফনামা অনুযায়ী, তারেক রহমানের নিজের নামে নগদ ও ব্যাংক আমানত রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। এছাড়া তার নিজের নামে প্রায় ৯০ লাখ টাকার এফডিআর রয়েছে, আর স্ত্রীর নামে এফডিআর রয়েছে ৩৫ লাখ টাকা। চলতি ২০২৫–২৬ অর্থবছরে তারেক রহমান আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা এবং তার স্ত্রীর আয়কর পরিশোধের পরিমাণ ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।
















