খালেদা জিয়ার লড়াইকে ধারণ করেই দেশ পুনর্গঠন হবে: নাহিদ ইসলাম
- Update Time : ০৮:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৫২ Time View

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আপসহীন সংগ্রামকে ধারণ করেই বাংলাদেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকলেও জাতির জন্য তার প্রয়োজনীয়তা কখনো কমেনি। দেশ যে গভীর সংকটকাল অতিক্রম করছে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পর নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে—এই সময়ে তিনি ছিলেন জাতির একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি অত্যন্ত জরুরি ছিল।
নাহিদ ইসলাম বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পর্যন্ত বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীনতা দেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় চব্বিশের প্রজন্ম যে নতুন সংগ্রাম শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া যুগ যুগ ধরে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবেন।
স্পষ্ট ভাষায় এনসিপির আহ্বায়ক বলেন, বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক সংগ্রামকে ধারণ করেই বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করা হবে।
এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম বলেন, আজ জাতি শোকাহত। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি—আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী। তিনি সম্মান ও মর্যাদার সঙ্গে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
















