খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না: ইসি মাছউদ
- Update Time : ১০:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৪৭ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে পৌঁছায়নি। যাচাই-বাছাইয়ের আগেই তার মৃত্যু হওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় এর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, নির্বাচনের নির্ধারিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যেসব আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে সংশ্লিষ্ট দল ইতোমধ্যে বিকল্প প্রার্থী দিয়েছে। ফলে বিষয়টি স্বাভাবিকভাবেই সমাধান হয়ে যাবে বলে তিনি মনে করেন।
নির্বাচন কমিশনার জানান, এসব কারণে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেওয়া আসনগুলোতে নতুন করে কোনো তফসিল পরিবর্তনের প্রয়োজন নেই।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুর—এই তিনটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত সোমবার তার পক্ষে দলের নেতাকর্মীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তবে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই প্রধানমন্ত্রী ইন্তেকাল করেন।













