সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেঠির আপত্তিকর ছবি, নিলেন বড় আইনি পদক্ষেপ
- Update Time : ১০:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫৪ Time View

প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছবি ও ভিডিও বিকৃত করা এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর আইনি পদক্ষেপ নিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পা শেঠির বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে পড়তে শুরু করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী বোম্বে হাইকোর্টে আবেদন করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট সব ডিজিটাল প্ল্যাটফর্মকে দ্রুত ওইসব আপত্তিকর কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছে।

আদালতে দাখিল করা আবেদনে শিল্পা শেঠি উল্লেখ করেন, তাঁর অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য আধুনিক প্রযুক্তির সহায়তায় তাঁর চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, ভিডিও এবং এমনকি ডিজিটাল বইও তৈরি করা হয়েছে। এসব ভুয়া ও বিকৃত কনটেন্ট বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তাঁর ব্যক্তিগত জীবন ও সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
মামলার শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা পুরো ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত জীবন এভাবে বিকৃতভাবে জনসমক্ষে তুলে ধরা আইনত দণ্ডনীয় অপরাধ।

বিচারপতি আরও বলেন, নারী কিংবা পুরুষ—কাউকেই এই ধরনের প্রযুক্তিগত অপব্যবহারের মাধ্যমে জনসমক্ষে হেনস্তা করার অধিকার কারও নেই।
শিল্পা শেঠির পক্ষ থেকে জমা দেওয়া বিকৃত ছবি ও ভিডিওর স্ক্রিনশট পর্যালোচনার পর আদালত সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে সব আপত্তিকর লিংক, ছবি ও ভিডিও মুছে ফেলার নির্দেশ দেন।











