তাসনিম জারাকে ইঙ্গিত করে কড়া সমালোচনায় এনসিপি নেত্রী ডা. মিতু
- Update Time : ১০:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৪৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার হঠাৎ করে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণার পর দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আট দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট ও আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন দলের অন্তত ৩০ জন নেতা।
এই প্রেক্ষাপটকে ইঙ্গিত করেই শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কড়া ভাষায় সমালোচনামূলক পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই জুলাই এমনি এমনি আসেনি। নাহিদ ইসলামের থাইয়ের রক্ত জমাট দাগ আমরা ভুলিনি। উই বিলিভ নাহিদ ইসলাম।”
পোস্টের মন্তব্য অংশে ডা. মাহমুদা মিতু আরও লেখেন, “যারা জুলাইয়ে ছিল না, যারা দেশের জন্য, জাতির জন্য কখনো নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেনি, যারা হাদি হত্যার বিচার চায় না, যারা আবরার হত্যায় মুখ বন্ধ করে রেখেছিল, যারা প্রহসনের নির্বাচন নিয়ে কথা বলেনি—তাদের চেয়েও আমাদের সেই মানুষগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যারা একজন ফলোয়ার নিয়েও দেশের জন্য ১৭ বছর ধরে লড়াই করে যাচ্ছে।”
এদিকে একই সময়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরও তিন শীর্ষ নেত্রী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, “আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।”
অন্যদিকে যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম লেখেন, “নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।”
এই ধারাবাহিক পোস্ট ও মন্তব্যগুলোকে ঘিরে এনসিপির ভেতরে নেতৃত্ব, নীতি ও জোট রাজনীতি নিয়ে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
















