‘ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিন’ —প্রফেসর জুনায়েদ হাসান
- Update Time : ০৯:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৩৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর জুনায়েদ হাসান রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ভাদুঘর এলাকায় এক উঠোন বৈঠকে অংশ নিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সংসদে যেতে পারলে দেশ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হবে। দেশে থাকবে না কোনো দুর্নীতি, অপশাসন, খুন, রাহাজানি কিংবা ধর্ষণ। আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চাই।”
তিনি আরও দাবি করেন, সুশাসন প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকই সবচেয়ে নির্ভরযোগ্য পথ।
এ উঠোন বৈঠকে আরও বক্তব্য দেন মাওলানা হেলাল উদ্দিন, জামায়াতের জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌর আমির মাস্টার সাখাওয়াত হোসেন এবং পৌর সেক্রেটারি হাফেজ কাওসার আহমেদ।
বৈঠকের শেষ মুহূর্তে সভাপতির বক্তব্যে মোসলে উদ্দিন জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“সব দলকে আপনারা দেখেছেন। এবার জামায়াতকে ভোট দিন, দেখুন তারা দেশ চালানোর দায়িত্ব পেলে কী পরিবর্তন আনতে পারে। ইনশাআল্লাহ, ন্যায়ভিত্তিক নেতৃত্ব এলে দেশে শান্তি ফিরে আসবে।”
স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ভাদুঘর এই উঠোন বৈঠকটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।










