মিস ইউনিভার্সের মুকুট জয়ের অপেক্ষায় বাংলাদেশের মিথিলা
- Update Time : ১২:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৯৮ Time View

‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বর মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পরই তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। এরপর অক্টোবরের শেষের দিকে দেশের পতাকা হাতে নিয়ে তিনি উড়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে। বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম।

থাইল্যান্ডে চলমান এই প্রতিযোগিতায় ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের মিথিলা। মিস ইউনিভার্সের ভোটিং পর্বে তিনি ৭৩,০০০ ভোট অর্জন করে বিশ্বমঞ্চে পঞ্চম স্থানে উঠে এসেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।” কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।”

মিথিলার এই যাত্রা ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে নতুন রূপে চূড়ান্ত রূপ পাবে। দেখা যাবে, গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরী কে হবেন।

বাংলাদেশের জন্য এটি নতুন ইতিহাস। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে, যা ভবিষ্যতের প্রতিযোগিতায় বাংলাদেশের সম্ভাবনার নতুন দিক উন্মোচিত করেছে।
















