ডা. শফিকুর রহমান আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন
- Update Time : ০২:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৬৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান। রবিবার (২ নভেম্বর) দলটির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের এই প্রক্রিয়া জামায়াতের নিজস্ব সাংগঠনিক বিধান অনুযায়ী স্বচ্ছ ও গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়।
দলীয় সূত্র জানায়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্য) অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলা ও মহানগর পর্যায়ে নির্ধারিত কর্মকর্তাদের তত্ত্বাবধানে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গণনা করা হয়। এরপর ফলাফল যাচাই-বাছাই শেষে শনিবার রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। তিনি ইতিমধ্যে একাধিকবার দলটির সর্বোচ্চ নেতৃত্বে থেকে সংগঠনকে পরিচালনা করেছেন এবং নীতিনিষ্ঠ, শান্ত স্বভাবের ও আদর্শবান নেতা হিসেবে রুকনদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
ডা. শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি পেশায় একজন চিকিৎসক এবং ছাত্রজীবন থেকেই ইসলামি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো জামায়াতের আমির নির্বাচিত হন।
দলীয় নেতাকর্মীরা তাঁর পুনঃনির্বাচনকে সংগঠনের নীতিগত ধারাবাহিকতা ও নেতৃত্বের স্থিতিশীলতার প্রতিফলন হিসেবে দেখছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন কার্যকালে ডা. শফিকুর রহমান ইসলামী আদর্শ প্রতিষ্ঠা, গণমানুষের অধিকার রক্ষা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াতের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।










