ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মিয়া গোলাম পরওয়ার
- Update Time : ০৯:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৩৩ Time View

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়তে ইসলামীর কোনো সরাসরি বা পরোক্ষ সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সম্প্রতি ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে না দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই মন্তব্যটি আমাদের দৃষ্টিতে অত্যন্ত দুঃখজনক। যেসব প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, এগুলোতে জামায়াতের কোনো মালিকানা নেই এবং আমরা কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততাও নেই।’
তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মকর্তা দায়িত্ব পালন করেন। তাহলে কি তাদের ব্যাংক বা ব্যবসার তালিকাও নির্বাচন কমিশনের সামনে উন্মুক্ত করতে হবে? গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বিতর্কিত করার অরাজনৈতিক প্রচেষ্টা আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি। চাইলে আমরাও অনেক বিএনপি নেতার মালিকানাধীন ব্যাংক, ব্যবসা বা হাসপাতালের তালিকা তুলে ধরে পাল্টা বিবৃতি দিতে পারতাম। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার জন্য তা করি নাই।’
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এইচএম হামিদুর রহমান, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন, প্রচার সেক্রেটারি এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমিররা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের বৈঠক মূলত স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান ও আলোচনা কেন্দ্র করে হয়েছে। আমরা চাই, দেশের নির্বাচনী প্রক্রিয়া যেন সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে পরিচালিত হয়।’
তিনি আরও আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দলকে সমান সুযোগ ও দায়িত্ব দিয়ে নির্বাচনী মাঠে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে জনগণ তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে।










