সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ: ধর্ম বিষয়ক উপদেষ্টা
- Update Time : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ১৯৩ Time View

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ কেবল একটি উপাসনালয় নয়, বরং এটি হবে সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, এই মসজিদের কার্যক্রমের মাধ্যমে জেলার প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় শান্তি, সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে জেলা শহরের মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, “মসজিদে কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। ইতিমধ্যেই ঠিকাদারকে তা মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো দ্রুত সংশোধন করা হবে। এই মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এটি একাধারে মাল্টিপারপাস ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে।”
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নির্মাণাধীন মোট ১০টি মডেল মসজিদের কাজের মধ্যে বড় কোনো গড়মিলের খবর পাওয়া যায়নি। “ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি ঠিকাদার ও প্রকৌশলীদের মাধ্যমে সংশোধন করা হচ্ছে,” যোগ করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত রবিবার সন্ধ্যায় পৌর এলাকার মেড্ডায় অবস্থিত দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসায় “দেশ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। সেখানে তিনি আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান, দেশের উন্নয়ন, শান্তি ও সুষ্ঠু সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার জন্য।










