সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৪
- Update Time : ০৫:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯২ Time View

সিরিয়ার মধ্যাঞ্চলে সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যার ফলে অন্তত ১৪ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে হাসপাতালের পরিচালক উল্লেখ করে বলা হয়েছে, হামা প্রদেশের মাসিয়াফের আশেপাশে রোববার রাতে চালানো এই হামলায় আরও ৪৩ জন আহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মনিটরিং গ্রুপের আগে জানা তথ্যমতে, হামলায় অন্তত চার সেনা ও তিনজন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, এবং সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। ওই এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ছিল বলে জানা গেছে।
সিরিয়ার সামরিক সূত্রের বরাতে সানা জানিয়েছে, ইসরায়েলি বিমান উত্তর-পশ্চিম লেবাননের আকাশ দিয়ে উড়ে এসে সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১১টা ২০ মিনিটে এই হামলা ঘটে।
সামরিক সূত্র আরও জানায়, আমাদের আকাশ প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হামলায় একটি স্থানীয় হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হেইর আব্বাস এলাকায় আগুন ধরে গেছে।











