সোমবার থেকে একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত কার্যক্রম শুরু
- Update Time : ০৩:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / ২০৬ Time View

একীভূত হওয়া সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া আগামী সপ্তাহের শুরু থেকেই চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে আমানত বিমা স্কিমের আওতায় গ্রাহকরা এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুনভাবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে কার্যক্রম শুরু করেছে, সেগুলো হলো—
এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা জানান, আমানত ফেরত দিতে যে প্রক্রিয়াগত জটিলতা ছিল, তা ইতোমধ্যে দূর করা হয়েছে। ফলে আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকে গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকেই টাকা তুলতে পারবেন। এই অর্থ প্রদান করা হবে আমানত বিমা স্কিমের আওতায়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা বা এর কম আমানত রয়েছে, তারা স্কিম কার্যকর হওয়ার পর একবারেই পুরো অর্থ উত্তোলন করতে পারবেন।
আর যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি জমা আছে, তারা প্রতি তিন মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অর্থ তুলতে পারবেন।
তবে ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের ক্ষেত্রে উত্তোলনের সীমা শিথিল রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, একই ব্যাংকে একাধিক হিসাব থাকলে একজন গ্রাহক শুধুমাত্র একটি হিসাব থেকেই অর্থ তুলতে পারবেন। তবে কেউ যদি একাধিক ব্যাংকে হিসাব পরিচালনা করেন, সেক্ষেত্রে প্রতিটি ব্যাংক থেকেই নির্ধারিত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।
প্রসঙ্গত, গত আওয়ামী লীগ সরকারের সময় কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী জালিয়াতির মাধ্যমে একাধিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে। এসব অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো ধীরে ধীরে তীব্র আর্থিক সংকটে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন কাঠামো
পরিশোধিত মূলধন: ৩৫ হাজার কোটি টাকা
সরকারের অংশ: ২০ হাজার কোটি টাকা
আমানতকারীদের শেয়ার থেকে: ১৫ হাজার কোটি টাকা
অনুমোদিত মূলধন: ৪০ হাজার কোটি টাকা
প্রধান কার্যালয়: সেনা কল্যাণ ভবন, ঢাকা
আমানত ও ঋণের বর্তমান চিত্র
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে—
মোট আমানতকারী: ৭৫ লাখ
মোট আমানত: ১ লাখ ৪২ হাজার কোটি টাকা
মোট ঋণ: ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় একটি অংশ খেলাপি
সারা দেশে এই ব্যাংকগুলোর রয়েছে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ। একীভূত কার্যক্রমের পর একই এলাকার একাধিক শাখা কমিয়ে এক বা দুইটিতে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে ইতোমধ্যে কর্মীদের বেতন ও ভাতা ২০ শতাংশ হ্রাস করা হয়েছে।










