রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- Update Time : ০৭:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৯ Time View

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ করেই কম্পন অনুভূত হওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় চলে যান। ভূমিকম্পের কম্পন শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ রিখটার স্কেলে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে এ কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে। বিশেষ করে সিলেট অঞ্চলে বিকেল ৫টা ১৩ মিনিটের দিকে ভূমিকম্পের প্রভাব বেশি অনুভূত হয়। অনেকে জানান, কয়েক সেকেন্ড ধরে ভবনগুলো দুলতে থাকে। তবে তাত্ক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে প্রায় ১৩১ কিলোমিটার দূরে, ভূটানের সীমান্তবর্তী আসামের উদালগুড়ি এলাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে। এ সময় রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭।
এর আগে গত এপ্রিল মাসেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। কয়েক সেকেন্ড স্থায়ী সেই কম্পনে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর সে সময় জানিয়েছিল, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছাকাছি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
এদিকে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) আজকের ভূমিকম্পের তথ্য প্রকাশ করেছে। তাদের হিসাবে, রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চল, ভারতের আগরতলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তর দিকে এবং বাংলাদেশের কুমিল্লা থেকে ৬৮ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করার কারণে বাংলাদেশে মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হয়। যদিও আজকের ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।










