ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম
- Update Time : ০৫:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ১৫১ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণের কথা ভাবছি না। আমরা চাই গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। এর বাইরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।”
রবিবার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত “২০২৪-এর গণঅভ্যুত্থান: বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা শুরু থেকেই নির্বাচন ঘিরে তারিখ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। আমাদের মূল লক্ষ্য সংস্কার ও ন্যায়বিচারের নিশ্চয়তা। যদি সংস্কার নিশ্চিত হয়, তবে ডিসেম্বরেও নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার সামিল।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রসঙ্গগুলোকে ইচ্ছাকৃত অপপ্রচার হিসেবে দেখছেন তারা। “এই ধরনের গুজব কেবল রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা মাত্র। আমরা বিশ্বাস করি, ক্ষমতা দখলের প্রতিযোগিতার চেয়ে দেশে কাঠামোগত সংস্কার এখন অনেক বেশি জরুরি। কারণ, জনগণকে আমরা বলতে চাই যে এই পরিবর্তন আমরা এনেছি, জুলাই সনদের মাধ্যমে এনেছি। নির্বাচনের আগে সংস্কার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। সভার সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আকাশ।
সভায় বক্তারা গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে প্রবাসীদের ভূমিকা, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এনসিপি নেতা নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা চাই প্রবাসীদের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সংস্কারিত বাংলাদেশ গড়ে তুলতে। এজন্য নির্বাচন নিয়ে অযথা তাড়াহুড়ো না করে আগে সুশাসন ও সংস্কারের কাঠামো দাঁড় করানো প্রয়োজন। একবার সেই কাঠামো দাঁড়ালে, নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হওয়ার পথ সুগম হবে।”










