পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক রুশ মন্ত্রীর রহস্যময় আত্মহত্যা-সিএনএন
- Update Time : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১৭১ Time View

রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইতের আকস্মিক মৃত্যুর ঘটনা। সোমবার (৭ জুলাই) সকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জারি করা এক সরকারি ডিক্রির মাধ্যমে স্তারোভইতকে বরখাস্ত করা হয়। আর মাত্র কয়েক ঘণ্টা পরই মস্কোর এক গাড়ির ভেতর থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়, যা রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রশাসনে এক গভীর সংকেত হিসেবে দেখা হচ্ছে।
ক্রেমলিনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বরখাস্তের ঘোষণায় সরাসরি কোনো কারণ জানানো হয়নি। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বরখাস্তের সিদ্ধান্তটি ‘আস্থা হানির’ কারণে নয়। তবে তিনি এই পদক্ষেপের পেছনের প্রকৃত কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে।
রাশিয়ার জাতীয় তদন্ত কমিটির দেওয়া তথ্যমতে, ৫১ বছর বয়সী স্তারোভইতের মরদেহ একটি ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে পাওয়া যায়। তাঁর দেহে স্পষ্ট গুলির চিহ্ন ছিল এবং ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হলেও, তদন্তকারীরা অন্য সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।
মন্ত্রী হওয়ার আগে রোমান স্তারোভইত ছিলেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। যদিও আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগের পেছনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কুরস্ক অঞ্চলে নিরাপত্তা বিঘ্ন এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর আকস্মিক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ার জন্য তাঁকেই দায়ী করা হয়েছিল।
উল্লেখযোগ্যভাবে, স্তারোভইতের বরখাস্ত ও মৃত্যু এমন এক সময়ে ঘটল, যখন রাশিয়ার বিমান পরিবহন খাতে চরম অস্থিরতা চলছে। রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানিয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে ৪৮৫টি ফ্লাইট বাতিল হয়েছে, ৮৮টি ফ্লাইটকে অন্যত্র পাঠাতে হয়েছে এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত হয়েছে। এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য সংস্থাটি ‘বহিরাগত হস্তক্ষেপের’ কথা বললেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সময়ে জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার বিভিন্ন অঞ্চলে চার শতাধিক দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। তবুও রুশ আকাশপথ ব্যবস্থায় ক্রমবর্ধমান বিশৃঙ্খলার দায় কে নেবে, সেই প্রশ্ন এখন সামনে চলে এসেছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গোয়েন্দা বিশ্লেষকরা মনে করছেন, স্তারোভইতের মৃত্যুর ঘটনা নিছক আত্মহত্যা হিসেবে দেখলে ভুল হবে। বরখাস্তের পরপরই তাঁর এমন মৃত্যুর ঘটনাকে অনেকেই দেখছেন রাজনৈতিক চাপ, অভ্যন্তরীণ ষড়যন্ত্র কিংবা নীরব প্রতিশোধের অংশ হিসেবে।
বিশ্লেষকরা আরও বলছেন, সাম্প্রতিক সময়ে রুশ প্রশাসনে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা হঠাৎ বরখাস্ত ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও তার প্রভাব, রুশ সামরিক ও প্রশাসনিক ব্যবস্থায় অকার্যকরতা এবং দুর্নীতি-বিষয়ক তদন্তের জেরে পুতিন প্রশাসন যেন এক নীরব শুদ্ধি অভিযান শুরু করেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন রাশিয়ার প্রশাসনিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্তারোভইতের স্থলে পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে পেয়েছেন উপমন্ত্রী আন্দ্রে নিকিতিন। তবে ক্রেমলিন এখনো স্থায়ী কোনো নিয়োগের ঘোষণা দেয়নি।
রাশিয়ার এই অভ্যন্তরীণ উত্তেজনার সময় বিশ্বজুড়ে নজর রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সম্পর্কের দিকে। স্তারোভইতের মৃত্যু শুধু একটি প্রশাসনিক সংকট নয়, বরং তা রুশ রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে চলমান অস্থিরতার এক ভয়ংকর প্রতিচ্ছবি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।










